জন্ম নিবন্ধন, মৃত্যু সনদসহ প্রয়োজনীয় সনদ প্রাপ্তি সহজীকরণের অনুরোধ

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতে সুজন

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জন্ম নিবন্ধন, মৃত্যু, ওয়ারিশ ও জাতীয়তা সনদসহ প্রয়োজনীয় সনদ প্রাপ্তি সহজীকরণ করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাসের প্রতি অনুরোধ জানিয়েছেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান তিনি।

সৌজন্য সাক্ষাতে চসিক সাবেক প্রশাসক সুজন স্থানীয় সরকারের উদ্যোগে সরকার বাংলাদেশে ২০২৪ সালের মধ্যে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করবে বলে মত প্রকাশ করেন তিনি। তবে যতক্ষণ পর্যন্ত এসব সনদ গ্রহণে হয়রানি এবং দুর্নীতিমুক্ত করা না যায় ততক্ষণ জনগণ এর সুফল লাভে বঞ্চিত হবেন।

সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, নতুন পাসপোর্ট তৈরি, বিবাহ নিবন্ধন, জমি রেজিস্ট্রেশন, মৃত্যুজনিত কারণসহ নানা কারণে প্রতিদিনই বিভিন্ন ধরনের সনদ প্রয়োজন হয়। তিনি বলেন বর্তমান সরকার চট্টগ্রামের আগামী দিনের গুরুত্বকে মাথায় রেখে নানামূখী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। তাই চট্টগ্রাম শহরের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নেও স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি কামনা করেন তিনি।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক থাকাকালীন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করায় মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুজন। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সুজনের উত্থাপিত বিভিন্ন বিষয় শুনেন। তিনি বিষয়গুলোর গুরুত্বের সাথে সহমত পোষণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের সকল এলাকাকে সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। এক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য করা হচ্ছে না। তারপরও চট্টগ্রামের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের বিষয়টি সবসময় বিবেচনায় থাকবে বলে জানান মন্ত্রী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের রেমিটেন্স অর্থনীতিকে গতিশীলতা দিয়েছে
পরবর্তী নিবন্ধরাঙামাটি-বান্দরবান সড়কে ঘাগড়া সেতুর উদ্বোধন