জনগণ সুযোগ দিলে মানুষের সুখ-দুঃখে পাশে থাকবো

নিজ এলাকায় প্রচারণায় সাইদ আল নোমান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫২ অপরাহ্ণ

এমপি হয়ে ক্ষমতার অংশ নয়, বরং একজন কর্মী হিসেবে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, জনগণ যদি সেবা করার সুযোগ দেন, তাহলে মানুষের সুখদুঃখ, সমস্যা ও সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখব।

গতকাল সোমবার নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার শেষ দিনে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। গণসংযোগ ও পথসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন তিনি চট্টগ্রাম নগরীর ৮ নম্বর ওয়ার্ড ও ১২ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সাঈদ আল নোমান বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের ফয়সালা হবে আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন এই বিশ্বাস নিয়েই বিএনপি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে। তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রকে পরিকল্পিতভাবে সংকুচিত করা হয়েছে। আগামী নির্বাচন সেই হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ। তিনি বলেন, ইনশাআল্লাহ চট্টগ্রাম১০ আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি একজন এমপি নয়একজন কর্মীর মতো জনগণের পাশে থাকব। চট্টগ্রামকে একটি প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে কাজ করব, যেমনটি আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।

বিএনপি ক্ষমতায় এলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য কাজের সুযোগ তৈরি এবং ব্যবসাবাণিজ্যের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের ভবিষ্যৎ রক্ষার আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধএক প্রার্থীর অনুকূলে অত্যধিক ডামি এজেন্ট নিয়ে আমরা শঙ্কিত
পরবর্তী নিবন্ধরাউজানের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে স্বৈরাচারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে