চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক জয়ী হওয়ার পর গতকাল শুক্রবার সকালে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন সরোয়ার আলমগীর। পরে মাইজভান্ডার দরবার শরীফের আউলিয়াদের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তার নতুন পথচলা শুরু করেন।
সাক্ষাৎকালে হেফাজত আমির তার নিজ ভোটকেন্দ্রের ফলাফলের একটি কপি নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতে তুলে দেন এবং তার বিজয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী নবনির্বাচিত সংসদ সদস্যের সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া করে বলেন, জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে এলাকার কল্যাণে কাজ করা একটি আমানত। দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ তায়ালা অবশ্যই সহায় হবেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন এবং দেশ–জাতির শান্তি, সমৃদ্ধি ও এলাকার উন্নয়নের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে তিনি নানুপুর ওবাইদিয়া মাদরাসায় গিয়ে মহাপরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরীর সঙ্গে সাক্ষাৎ, সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেন। বিকালে নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে সাক্ষাতে অংশ নেন।
সরোয়ার আলমগীর বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ার ফলেই আমি বিজয়ী হয়েছি। তারা যে আমার উপর আস্থা রেখেছে এর মাধ্যমে আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আমি সকল স্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি। দল–মত নির্বিশেষে ফটিকছড়ির সার্বিক উন্নয়ন, শিক্ষা–ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হুজুরসহ দেশের শীর্ষ আলেমদের দোয়া আমার জন্য বড় প্রেরণা। তাদের পরামর্শ নিয়ে এলাকার কল্যাণে কাজ করতে চাই।












