সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম বরদাশত করা হবে না জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। গতকাল বুধবার দুপুরে জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকা পরিদর্শন শেষে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সকল কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশে থাকবে। এছাড়া কোনো মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন– সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান পুলিশ সুপার। খবর বাসসের।












