ছয়দিনেও উদ্ধার হয়নি টেকনাফের কিশোরী তসলিমা

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

কিশোরী তসলিমা আকতার রিমার (১২) খোঁজ মিলেনি ছয়দিনেও। গত ১৬ মে দিবাগত রাতে টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের খালার বাড়ি হতে তাকে ফুঁসলিয়ে নিয়ে যায় কয়েক জন যুবক। সে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের ছালেহ আহমেদের মেয়ে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো কিশোরী তসলিমাকে উদ্ধার করা যায়নি।
জানা যায়, ঈদের পর বোনের বাড়িতে বেড়াতে যায় মাহমুদা আক্তার। সাথে যায় অমেয়ে তসলিমা আক্তার ও হুমাইরা আক্তার (১৮)। তারা খালার বাড়িতে বেড়াতে আসছে এমন খবরে আরো কয়েকজন সহযোগী নিয়ে উঁৎ পেতে থাকে দূর সম্পর্কের আত্মীয় কচুবনিয়ার আবুল হোসেনের ছেলে জাবেদ হোসেন (২২)। রাতে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে উক্ত জাবেদ কিশোরী তসলিমাকে কৌশলে তার ঘরে নিয়ে যায়। পরে এ ঘটনা জানাজানি হলে সে তসলিমাকে বিয়ে করার জন্য নিয়ে যায় বলে অন্যত্র চম্পট দেয়। এরপর থেকে তসলিমার আর হদিস পাচ্ছে না পরিবার। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে তসলিমার পিতা ছালেহ আহমেদ।
তিনি বলেন, ২০২০ সালে পিইসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তসলিমা, এত অল্প বয়সে কিভাবে বিয়ে দেবো? তাই বলে ধরে নিয়ে আটকে রাখবে তা কিভাবে হয়।
টেকনাফ মডেল থানার এসআই নকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কিশোরীকে উদ্ধার করতে তৎপরতা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক সুকুমার দত্ত
পরবর্তী নিবন্ধকবি নজরুল ছিলেন মানবতাবাদী কবি