অধিনায়ক ফাহিমা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ ‘এ’ দল উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে। গতকাল শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ৫৪ রানে উড়িয়ে শিরোপার মঞ্চে পা রাখে বাংলাদেশ ‘এ’। দলের পুঁজি ছিল মাত্র ১১০ রান। ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করলেও মন্থর ও টার্নিং উইকেটে তা পাকিস্তানের জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায়। পাকিস্তান দল অর্ধেক পথ পেরোনোর পরই ৫৬ রানে গুঁটিয়ে যায়। ফাহিমা খাতুনের সঙ্গে স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ‘এ’ দল বড় জয়ে ফাইনালে ওঠে। ব্যাট হাতে ৪০ রানের অপরাজিত ইনিংসের পর লেগ স্পিনে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অধিনায়ক ফাহিমা খাতুন।
গত আসরেও পাকিস্তানকে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেখানে হেরে গিয়েছিল তারা ভারতের কাছে। এবারও ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। থাইল্যান্ডের ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় ম্যাচের চতুর্থ ওভারেই। অভিজ্ঞ শামীমা সুলতানা আউট হন ১৩ বলে ১৩ রান করে। আরেক ওপেনার ইশমা তানজিম ২৩ বলে করেন ১২ রান। তিনে নেমে শারমিন সুলতানা ২০ বলে করেন ১৫। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৪৪।
ইনিংসের বাকিটা শুধুই ফাহিমার গল্প। একপ্রান্ত থেকে তিনি এগিয়ে নেন দলকে। অন্য প্রান্তে তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষ ছয় ব্যাটারের কেউ দু’অঙ্ক ছুঁতে পারেননি। ফাহিমা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫ চারে ৩২ বলে ৪০ রান করে। অন্যদের মধ্যে লতা ৫, ফারজানা ৬, শরিফা ০, সাদিয়া ৮, ফাতেমা ২ রান করেন। মেঘলা ১ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে হাফসা ২৫ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান ওয়াহিদা, মমিনা, আনোসা এবং ওমাইমা।
বাংলাদেশের ১১০ রান তাড়ায় সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি পাকিস্তান। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। এরপর স্পিনাররা দৃশ্যপটে এসে গুঁড়িয়ে দেন পাকিস্তানি ব্যাটিং। ওপেনার শাওয়াল জুলফিকারের ১৪ রানই দলের সর্বোচ্চ। সাতে নেমে অধিনায়ক হাফসা খালিদ করেন ১২ রান। এছাড়া ইউসরা ১১, ইমান ৪, ওমাইমা ৫, গুল ২, আনোসা ২ রান করেন। হুরাইনা, ওয়াহিদা, মাসুমা, মমিনা কোন রান করতে পারেনি। ৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। ভালো বোলিং করেন দলের অন্যরাও। তৃষ্ণা, ফাতেমা এবং ফারজানা প্রত্যেকে ১টি করে উইকেট তুলে নেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের শিরোপার লড়াই আগামীকাল রোববার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
সেমিফাইনাল শেষে ম্যাচ সেরা ফাহিমা শিরোপা জয়ের স্বপ্নের কথা জানান। আত্মবিশ্বাসী ফাহিমা বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ফাইনাল নিশ্চিত করতে পেরেছি। ফাইনালের আগে আমরা একটা দিন পাবো। আশা করি ভারতের বিপক্ষে ফাইনালে ভালো খেলতে পারব। যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, আশা করি সেই উদ্দেশ্যটা সফল করে দেশে ফিরতে পারব।
ম্যাচ সেরা পারফরম্যান্স করলেও কৃতিত্বটা সতীর্থদেরই দেন ফাহিমা, আমাদের পুরো ডিপার্টমেন্ট আজকে ভালো করেছে। আমি বলব উইকেট আজকে খুব স্লো ছিল। সেই অনুযায়ী ১১০ রান করার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম ম্যাচ জয়ের ব্যাপারে। বোলাররা খুব ভালো করেছে। ফাহিমা আরও যোগ করে বলেন, পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ জয়ের কৃতিত্ব পুরো দলের। আশা করি ফাইনালেও এই ধারা বজায় রাখতে পারব।












