কাপ্তাই-রাঙামাটি বড়াদম সড়কের আসামবস্তী সেতুর উপর কিছুদিন আগে একটি ছোট গর্ত সৃষ্টি হয়। গর্তে ময়লা-আবর্জনা ফেলে ভরাটের নিষ্ফল চেষ্টা করেন পথচারী ও স্থানীয়রা। কিন্তু স্থায়ী সংস্কারের উদ্যোগ না নেয়ায় সেটি ধীরে ধীরে বড় হয়ে এখন বিপজ্জনক হয়ে উঠেছে।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, আসামবস্তী সেতুর উপর দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। এতে গাড়ির কাঁপুনিতে গর্তটির আকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পথচারী জীবন চাকমা এবং ব্যবসায়ী বিপ্লব চাকমা জানান, চোখের সামনে সেতুর উপর গর্ত সৃষ্টি হলেও এর সংস্কারে কারও কোনো ভ্রুক্ষেপ নেই। এই ছোট গর্তই একসময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয় কৌশিক চাকমা বলেন, এখন গর্ত সংস্কার করতে অল্প টাকা খরচ করতে হবে। কিন্তু গর্ত আরো বড় হলে খরচও বেড়ে যাবে।
অটোরিকশা চালক বেল্লাল হোসেন বলেন, আসা-যাওয়ার সময় আমরা সবসময় এই গর্তটি দেখি। সড়কের কামিলাছড়ি এলাকায় নতুন সেতু নির্মাণের জন্য বড় যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। পুরোদমে সড়কে যান চলাচল শুরু হলে এই ছোট একটি গর্তের কারণেই অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুততম সময়ের মধ্যে সৃষ্ট গর্ত সংস্কার করার জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।













