শৈশব মানেই জীবনের সোনালি একটি অধ্যায়। শৈশব স্মৃতিগুলো সারা জীবন স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। মাঝে মাঝে এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা। শৈশবের সেই ঈদ আনন্দ এখন আর খুঁজে পাই না। শৈশবের সেই ঈদের মুহূর্তগুলো মনে হলে আলাদা রকমের ভালো লাগা কাজ করে। ছোটবেলায় যখন ঈদ আসতো তখন ঈদের আনন্দ যেন একেবারে মন জুড়িয়ে দিত। তখন হয়তো চাওয়া–পাওয়া কিংবা প্রত্যাশা অনেক কম ছিল। কিন্তু আনন্দটা অনেক বেশি ছিল। ছোট ছোট উপহার পেয়েও বেশ ভালো লাগতো। খুশিতে আত্মহারা হয়ে যেতাম। কেউ কোন উপহার দিলে সেই আনন্দে যেন পুরো বাড়ি মাথায় করে রাখতাম। আসলে সময়ের সাথে সাথে স্মৃতিগুলো বদলে গেছে। কিন্তু সেই আনন্দের স্মৃতিগুলো এখনো মনে পড়ে। এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা।
ছোটবেলায় যখন ঈদের জন্য নতুন কোন জামা কিনতাম তখন আড়ালে লুকিয়ে রাখতাম। যাতে করে কেউ জামা দেখে না ফেলে। বাবা যখন জামা কিনে দিতেন তখন সেই জামা নিয়ে ওই যে কোথায় লুকাতাম কেউ জানতো না। ঈদের দিন সকাল বেলায় বের করতাম। আগে মনে করতাম ঈদের জামা যদি কেউ আগে দেখে ফেলে তাহলে ঈদ শেষ হয়ে যায়। আর জামাটা পুরনো হয়ে যায়। সেই অদ্ভুত অনুভূতির কথা মনে হলে এখনো বেশ হাসি পায়। সেই সময়টা হারিয়ে গেছে। কিন্তু অনুভূতিগুলো ঠিক আগের মতই আছে। এখনো সেই স্মৃতিগুলো মনে পড়ে।
সময়গুলো দ্রুত পাল্টে যায়। কেমন করে জানি বড় হয়ে গেলাম! আর এখন, না চাইতেও যেন চিন্তার পাহাড় মাথায় চলে আসে। এর চেয়ে ঢের ভাল ছিল, আমার ছোটবেলা। কোন চিন্তা ছিল না। জীবন যুদ্ধের মানে জানা ছিল না। আরো অনেক কিছুই তখন ছুঁয়ে যেত না। খুব মিস করি, সেদিনের দিনগুলো। মা ও বোনের সাথে সেসব খুনসুটি। সবাই এক ঘরে বসে অনেকক্ষণ সময় কাটানো। রাত–জাগা। মান–অভিমান। সব, সব। ঈদের দিন সাজগোজ শেষ করে এরপর সালামী নেওয়ার পালা। যদিও সেই সময় সালামী খুব একটা উঠতো না। ২০ টাকা কিংবা ৫০ টাকা পেয়েই অনেক খুশি হয়ে যেতাম। যা এখন হাজার টাকা পেয়েও খুশি হয় না।
এখনো সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়ে। এখনো মনে পড়ে সেই ঈদের স্মৃতিগুলো। সময়ের সাথে সাথে জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে। হয়তো সেই আনন্দ এখন আর নেই। কিন্তু মধুর সেই অনুভূতিগুলো আজও মনে আনন্দের সৃষ্টি করে। আর সেই মধুর স্মৃতিগুলো হয়তো ঈদের আনন্দ একটুখানি বাড়িয়ে দেয়। তবে মাঝে মাঝে আফসোস হয় আবারও যদি সেই শৈশবের মাঝে হারিয়ে যেতে পারতাম তাহলে আবারও ঈদের আনন্দ পেতাম। যদিও বড় হওয়ার সাথে সাথে ঈদের আনন্দগুলো অনেকটা ফ্যাকাসে হয়ে গেছে। তবুও আমরা সবাই যে যার জায়গা থেকে আনন্দ করার চেষ্টা করি। আশা করছি সবার ঈদ ভালো কাটবে। আর শৈশবের সেই ঈদ আনন্দগুলো সারা জীবন মনের মাঝে স্মৃতি হয়ে থাকবে।











