ছিনতাইকারী চক্রের হোতা ছেলের তথ্যে মাদক মামলার আসামি মা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরের অক্সিজেন মোড়ে দূরপাল্লার বাসযাত্রীদের কাছে ছিনতাইয়ের চেষ্টার সময় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ছিনতাইকারী চক্রের মূলহোতা আইয়ুব আলী খোকনকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার মা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাহফুজা বেগমকে। গত সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি জানায় পুলিশ।

ধৃত আইয়ুব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাঈল হোসেন প্রকাশ টেম্পো ইসমাঈলের ভাই। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সোরসাই গ্রামে। বর্তমানে তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলীর সেকান্দর কলোনী এলাকায় বসবাস করেন। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অঙিজেন মোড়ে অভিযান চালানো হয়। এসময় ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয় খোকনকে। তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতিসহ মোট ৮টি মামলা রয়েছে।

এদিকে ধৃত খোকনের মা মাহফুজা বেগমকে বায়েজিদ থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল হোসেন টেম্পু, তার ভাই আইয়ুব আলী খোকন এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা সংগ্রামের ঘোষণা দেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত বাঙালি সৈনিকেরা
পরবর্তী নিবন্ধগ্যাস লিকের প্রমাণ মেলেনি