নগরীর বায়েজিদ থানাধীন বালুচড়া এলাকার লায়লা সুপার মার্কেটের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শিশু মো. আবির হোসেন (১২) মারা গেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবির চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সে একই এলাকার মো. বেলালের ছেলে। আবির হোসেনের চাচা আক্তারুজ্জামান নাহিদ জানান, গত ২০ নভেম্বর দুপুরে বালুচড়া এলাকার লায়লা সুপার মার্কেটের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবির। সেখানে একটি কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল। শিক্ষক আসতে দেরি হওয়ায় ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বাঁচানো যায়নি।












