নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোট এবং মেহেদী হাসান মিরাজের জ্বরের কারণে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে গতকাল বাংলাদেশ। শেষ মুহূর্তে চোটে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন। তার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। লিটনের বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। এক ভিডিও বার্তায় বায়েজিদুল ইসলাম বলেন, ‘লিটন দাস গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল। এরপর আমরা তার এমআরআই করাই। রিপোর্টে ডান হিপ জয়েন্টে কিছু সমস্যা ধরা পড়েছে। এরপরও আজ সে ফিটনেস টেস্ট দিয়ে খেলার চেষ্টা করেছে। কিন্তু আমরা যে ফিটনেসের মানদণ্ড নির্ধারণ করেছিলাম, সে সেটি পূরণ করতে পারেনি। তাই এই সিরিজে লিটনকে পাওয়া যাচ্ছে না।’ এদিকে আরও একবার লিটন দাসের চোটে কপাল খুলল পারভেজ হোসেনের। পরপর দুই সিরিজে অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটসম্যানের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি টপ–অর্ডার ব্যাটসম্যান। আবু ধাবিতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের টসের ঘণ্টাদুয়েক পর লিটনের বদলি হিসেবে পারভেজের নাম ঘোষণা করেছে বিসিবি। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজের দলে ছিলেন পারভেজ। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান। সেবার লিটনের পায়ের চোটের কারণে শেষ দুই ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। অন্যদিকে, জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে ছিলেন না মিরাজও। ম্যাচের আগে দুই ক্রিকেটারের অনুপস্থিতি বাংলাদেশের পরিকল্পনায় প্রভাব ফেলে। লিটনের চোটের কারণে শুধু ব্যাটিংয়েই নয়, নেতৃত্বেও পরিবর্তন আনতে হয়েছে দলকে। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পাওয়া হৃদয়ের সামনে এখন দলকে সামলানোর চ্যালেঞ্জ। লিটনকে পুরো সিরিজে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও মিরাজের পরবর্তী ম্যাচে খেলার বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতে মিরাজকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশকে।











