নির্বাচনের দিন ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত সকলকে জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আমাদের সাথে যারা নির্বাচন করছেন তারা দৃশ্যমান শক্তি নয়। তাদের দেখা যায় না। তারা অন্যভাবে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। শুনতে পাচ্ছেন না? সিল বানাচ্ছে, ব্যালট পেপার, বোরকা, ন্যাশনাল আইডি কার্ড, বিকাশ– এটা করতে দেওয়া যাবে না। সবাই চোখ কান খোলা রাখবেন। যেখানে সন্দেহ, যেখানে ভোগাস ভোট দিতে যাবে, সেখানে বাধা দিতে হবে। তারা কিন্তু ভোগাস ভোট দেওয়ার তালে আছে। তারা জানে– জনগণের আস্থা নিয়ে তারা রাজনীতি করতে পারবে না। তারা ভোগাস ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তাই সকলে মিলে এখন থেকে পাহারা দিতে হবে।
তিনি গতকাল সোমবার বিকেলে নগরের ঐতিহাসিক লালদিঘীর মাঠে চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে গণমিছিল পূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আবু সুফিয়ান।
আমীর খসরু বলেন, পাহারা দিতে হবে– ভোটাররা যেন ঠিকমতো ভোটকেন্দ্রে যেতে পারে। কোনো বাইরের লোক সেখানে গিয়ে যাতে ভোগাস ভোট দিতে না পারে। চোখকান খোলা রাখতে হবে যেন অন্যকোন উপায়ে তারা ভোটের ফলাফল চুরি করে নিতে না পারে। এটা সঠিকভাবে পাহারা দিতে হবে। নির্বাচনে কোন প্রকার চুরির সুযোগ দেওয়া যাবে না।
মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, অন্যান্য রাজনৈতিক দলের বাংলাদেশের আশপাশে অনেক ঠিকানা আছে। কিন্তু বিএনপির ঠিকানা হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষ। বাংলাদেশের মাটি ও মানুষকে নিয়ে বিএনপি রাজনীতি কবে। অতীতে আমরা ক্ষমতায় ছিলাম। কিন্তু আমাদের বিরুদ্ধে লুন্ঠনের কোন অভিযোগ ছিলনা। আগামীতেও আমরা ক্ষমতায় যাব–মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়। তাই সিদ্ধান্ত নিন, বাংলাদেশকে টিকিয়ে রাখতে আগামী ১২তারিখ ধানের শীষে ভোট দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির যে নির্বাচন– সেই নির্বাচনে শুধুমাত্র চট্টগ্রাম–৯ আসন নয় সারাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামীর যে নিরাপদ বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সেই বাংলাদেশের লক্ষ্যে তারা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে। চট্টগ্রাম–৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব সামশুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সিহাব উদ্দিন মোবিন, সদস্য মো. মহসিন, খোরশেদুল আলম, গাজী সিরাজউল্লা, আনোয়ার হোসেন লিপু, একে খান, ইসমাঈল বালি।












