ভুয়া চেক সৃজন করে ব্যাংকে উপস্থাপনের মামলায় এক ব্যক্তিকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মো. নজরুল ইসলাম। পটিয়ার ভাটিখাইন এলাকার মো. নুরুল ইসলামের ছেলে তিনি। দুদক পিপি মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১০ জুন নগরীর ডবলমুরিংয়ের স্ট্যান্ড রোডের মেসার্স নবী এন্ড সন্সের স্বত্বাধিকারী আবু সাদাত মোহাম্মদ শামীম বাদী হয়ে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একটি নালিশী মামলার আবেদন করেন। তখন আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য ডবলমুরিং থানা পুলিশকে নির্দেশ দেন। উক্ত নির্দেশনার প্রেক্ষিতে থানা পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে।
মামলার এজহারে বলা হয়, আসামি নজরুল ইসলাম বাদীর প্রতিষ্ঠানের ম্যানেজার থাকাকালীন প্রতিষ্ঠানের চেক বই, লেটার প্যাড, খালি স্ট্যাম্পের জিম্মাদার ছিলেন। এসময় আসামি উক্ত দলিলগুলো এবং বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে করেছেন। পরবর্তীতে ২০০৭ সালের ৪ জুন অপর একজনসহ আসামি বাদীর প্রতিষ্ঠানের স্বাক্ষর বিহীন ৬ টি চেক জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জনতা ব্যাংক, স্ট্যান্ড রোড শাখায় উপস্থাপন করেন। আসামি কর্তৃক ব্যাংকে ভূয়া চেক উপস্থাপনের পর ব্যাংক কর্মকর্তাদের ত্রুটি নজরে পড়ে। এরপর তারা বিষয়টি বাদীকে অবহিত করেন। আদালতসূত্র আরো জানায়, মামলাটি থানা পুলিশ তদন্তের পর চার্জশিট দাখিল করে। এরপর আদালত চার্জগঠন শেষে আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।











