চুরির অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে হেনস্তা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে দোকানে চুরির অভিযোগে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে এক নারীকে হেনস্তা করা হয়েছে। গত রবিবার বিকেলে গুনাগরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এই হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গুনাগরী মা ও শিশু হাসপাতালের সামনের একটি দোকানে চুরির অভিযোগে ওই নারীকে আটক করা হয়। পরে ওই নারীকে খুঁটিতে বেঁধে হেনস্তা করেন স্থানীয় লোকজন। এ সময় আশপাশের অনেক মানুষ সেখানে জড়ো হয়ে ভিডিও ধারণ করেন। আধা ঘণ্টা বেঁধে রাখার পর ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, এর আগেও ওই নারীর বিরুদ্ধে স্থানীয় দোকানে চুরির অভিযোগ ছিল। তবে স্থানীয়রা জানান, সে যদি চুরি করে তাকে থানায় সোপর্দ না করে এভাবে হেনস্তা না করলেও পারতো ।

এ বিষয়ে বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাকচী বলেন, চুরির অপবাদ দিয়ে ভিডিও ধারণের অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি প্রত্যাহার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ঢাকার ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা