স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুইস রুবিয়ালেস পদ ধরে রাখার চেষ্টায় এখন পর্যন্ত সফল হলেও ফিফার শাস্তি থেকে রেহাই মিলেনি তার। গতকাল শনিবার ফিফা এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্প্যানিশ ফুটবল প্রধানকে সব ধরনের ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রম থেকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি জানিয়েছে। ফিফা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকেই। প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। গত রোববার বিশ্বকাপ ফাইনালের পরই চুমু–বিতর্ক ঘটে। সোমবার ওই ঘটনার জন্য ফিফার কাছে ক্ষমা চেয়ে নেন রুবিয়ালেস। কিন্তু তা গ্রহণ করেনি ফিফা। বৃহস্পতিবার রুবিয়ালেসের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফা। গতকাল রায় হলো।











