চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বড় ও ছোট মিয়াজি পাড়া সড়ক, যা হাজীরাস্তা থেকে মুন্সেফ বাজার পর্যন্ত বিস্তৃত, দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ ও বেহাল অবস্থায় পড়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু সড়কের ভাঙাচোরা অবস্থা তাদের চলাচলকে অত্যন্ত কষ্টকর করে তুলেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, আবার কোথাও ধূলাবালির কারণে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। শুধু শিক্ষার্থীরাই নয়, স্থানীয় সাধারণ মানুষও এই সড়কের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন। যানবাহন চলাচল করতে অনীহা প্রকাশ করে, আর চললেও অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। ফলে প্রতিদিনের যাতায়াত ব্যয় ও দুর্ভোগ দুটোই বেড়ে গেছে।এমতাবস্থায় এলাকাবাসীর প্রত্যাশা, গুরুত্বপূর্ণ এই সড়কটি যেন দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জনসাধারণের দুর্ভোগ লাঘব হয়।
হাসনাইন মাবরুর
চুনতি, লোহাগাড়া,
চট্টগ্রাম।












