চুক্তি বাড়ল ব্যাটিং কোচ আশরাফুলের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। গত নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তখন স্বল্পমেয়াদে দায়িত্ব দেওয়া হলেও এবার তাকে বড় মেয়াদের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তি অনুযায়ী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। চলতি মাস থেকেই শুরু হবে তার নতুন মেয়াদ, যা শেষ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। এই সময় জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে থাকবেন সাবেক এই অধিনায়ক। এ বিষয়ে আশরাফুল বলেন,‘আগে স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করেছি। তখন কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না, শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার মেয়াদটা কিছুটা বাড়ল। ব্যাটসম্যানরা মাশাআল্লাহ ভালোই করছে। আশা করি নতুন মেয়াদে ব্যাটারদের আরও উন্নতি করতে পারব।’ দীর্ঘ প্রায় দুই দশকের ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করেছেন আশরাফুল। ২০২৩ সালে আইসিসির ‘লেভেল৩ কোচ শিক্ষা কোর্স’এর সনদ অর্জন করেন তিনি। ২০২৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন সাবেক এই অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধবন্দর সাদা,বাকলিয়া একাদশের জয়লাভ
পরবর্তী নিবন্ধ‘৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে’