চীনের একটি স্কুলে নারী ভলিবল টিমের ওপর ব্যায়ামাগারের কংক্রিটের ছাদ ধসে পড়ে ১১ জন নিহত হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিং প্রদেশের চিচিহার শহরে স্থানীয় সময় রোববার দুপুর ২টা ৫৬ মিনিটের দিকে ঘটনাটি ঘটে বলে প্রাদেশিক দমকল বিভাগ জানিয়েছে, খবর সিনহুয়ার। নগরীর লংশা এলাকার ৩৪ নং মাধ্যমিক স্কুলের নারী ভলিবল টিম তখন ওই ব্যায়ামাগারটি ব্যবহার করছিল। ধ্বংসস্তূপের নিচে ১৫ জন চাপা পড়ে। খবর বিডিনিউজের।
সোমবার সকাল ১০টার দিকে শেষ জনকে সেখান থেকে উদ্ধার করা হয়, শিক্ষার্থীর মধ্যে বেঁচে থাকার কোনো লক্ষণ ছিল না বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাটি জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ব্যায়ামাগারটিত মোট ১৯ জন ছিল, এদের মধ্যে চারজন সেখানে থেকে বের হয়ে যেতে পেরেছেন। এই চারজনসহ দুর্ঘটনার পর মোট ৮ জন বেঁচে আছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণ শ্রমিকরা ব্যায়ামাগারটি ছাদে অবৈধভাবে পার্লাইট নামের এক ধরনের খনিজ কাঁচ স্তূপ করে রেখে দিয়েছিলেন, পদার্থটি পানি শোষণ করতে পারে। টানা বৃষ্টির মধ্যে ভিজে এগুলো আরও ভারী হয়ে পড়ায় এক পর্যায়ে ছাদটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের অনেকেই শিশু। তবে কর্তৃপক্ষ এখনও তা নিশ্চিত করেনি।












