চীনের বিপক্ষে গতকালের ম্যাচে বড় আকর্ষণ ছিল বাংলাদেশ দলের গোলরক্ষক মিলি আক্তার। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নেই। গতকাল এশিয়া কাপের মতো আসরে চীনের বিপক্ষে নেমেই দুর্দান্ত খেলেছেন। নিজের পারফরম্যান্সের জন্য কোচিং স্টাফকে ধন্যবাদ দেন মিলি, ‘প্রথমে ধন্যবাদ দেব আমাদের কোচিং স্টাফদের। উনাদের জন্যই হয়তো নিজের পারফরম্যান্সটা দেখাতে পেরেছি। ‘ম্যাচের শুরুর দিকে খানিকটা নার্ভাস ছিলেন মিলি। খেলা যত গড়িয়েছে তত থিতু হয়েছেন। দুই গোল হজম নিয়ে মিলি বলেন, ‘এটা আমার লাইফের ইন্টারন্যাশনাল ফার্স্ট ম্যাচ তো, প্রথমে একটু ভয় কাজ করছিল, পরে ঠিক হয়ে গেছে। আমি কনফিডেন্স নিয়ে খেলছি অনেক। এটা আমাদের মিস্টেক হইছে যে গোলটা হইছে। আমাদের একটু ঘাটতি হইছে, এটা নেক্সট ম্যাচে আমরা ওভারকাম করব।’
জাতীয় দলে সিনিয়র গোলরক্ষক রুপ্না। তার জায়গায় আজ খেলেছেন মিলি। দলে জায়গা পেতে প্রতিদ্বন্দ্বীতা থাকলেও রুপ্নার প্রতি তার শ্রদ্ধা অনেক, ‘হ্যাঁ, উনি অনেক সিনিয়র, আমি উনারে অনেক রেসপেক্ট করি, উনারে ফলো করি আমি। লড়াই করছি দেখেই তো আজকে সুযোগ পেয়েছি।’ দুটি নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী রূপনার বদলে পোস্ট আগলে রাখার দায়িত্ব পেয়ে শুরুতে একটু স্নায়ুর চাপে ভুগলেও সব মিলিয়ে খুশি মিলি। ‘কি বলব? আসলে বলার ভাষা নেই। এরকম একটা মানে এত বড় মঞ্চে যে নিজের সেরাটা দিতে পারব বা দেখাইতে পারবো তা বিশ্বাস করি নাই। এত বড় একটা স্টেডিয়াম, এত লোক ছিল, এত বড় একটা স্টেজ আসলে… প্রথম ম্যাচ। আমি অনূর্ধ্ব–২০ এ এশিয়ার সেরা গোলকিপার হয়েছিলাম, কিন্তু এটা জাতীয় দলের প্রথম ম্যাচ। অনেক কঠিন ছিল। কারণ, জাতীয় দলের হয়ে আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ চীনের বিপক্ষে। এখন আত্মবিশ্বাস বেড়েছে। আমরা যে আজকে ভুলগুলো করছি, এই ভুলগুলো পরের ম্যাচে কম করার চেষ্টা করব।’
সেরা একাদশে অভিজ্ঞ গোলকিপার রূপনা চাকমার বদলে মিলি আক্তারকে নামান বাটলার। তিনি বলেন, রূপনা খুব, খুব ভালো। সে দারুণ একজন খেলোয়াড়, কিন্তু তার উচ্চতা কম এবং আমি তো তাকে কোনো গ্রো ব্যাগে (গাছ বড় করার ব্যাগ) রেখে খাবার খাইয়ে আশা করতে পারি না যে, সে ঘুম থেকে উঠে ছয় ইঞ্চি লম্বা হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি সবসময় একটি ন্যায্যতার অনুভূতি এনেছি এবং দল নির্বাচনের ক্ষেত্রে আমি সবসময় একটি প্রতিযোগিতামূলক মনোভাব বজায় রেখেছি। রূপনার খেলার কোনো জন্মগত অধিকার নেই; মিলিরও নেই; স্বর্ণারও নেই।’ ‘বাংলাদেশ নারী ফুটবল দীর্ঘদিন ধরে গোলকিপিংয়ের ক্ষেত্রে সংগ্রাম করেছে। আমার মতে আজ মিলি অসাধারণ ছিল। সে কিছু ভুল করেছে, সে ভুল করবেই, তবে আমার মনে হয় সে সত্যিই ভালো করেছে এবং দলে নতুনত্ব আনার পেছনের কারণ এটিই ছিল। আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে ভয় পাই না।’












