চীনের কোচ অ্যান্টে মিলিচিচ বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। নারী এশিয়ান কাপে সিডনির কমব্যাংক স্টেডিয়ামে আজ মঙ্গলবার মুখোমুখি হবে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও প্রথমবার এই মঞ্চে আসা বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা ২টায়। সোমবারের সংবাদ সম্মেলনে মিলিচিচ অবশ্য বললেন, এই মুহূর্তে তার পুরো মনোযোগ বাংলাদেশ ম্যাচ নিয়ে। ‘এটা হয়তো আপনারা শুনতে চাইবেন না, তবে আমি আগামীকালের বাংলাদেশ ম্যাচের পরের ম্যাচের দিকে এখনই তাকাব না। আমি জানি, বিশেষ করে চীনে সবাই উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের কথা বলছে। তবে, প্রথমে আমাদের মনোযোগ এবং পরিকল্পনা আগামীকালের প্রতিপক্ষের ওপর রাখতে হবে। তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে আমাদের এবং এ মুহূর্তে, আমাদের খেলোয়াড়দের ভাবনায় এটাই একমাত্র বিষয়, সেটা বাংলাদেশ ম্যাচ, সেদিকেই মনোযোগ দিচ্ছে।’ এই ম্যাচে ডাগআউটে চলবে ‘অস্ট্রেলিয়া–ইংলিশ’ লড়াই। মিলিচিচ অস্ট্রেলিয়ান, বাটলার ইংলিশ। বাংলাদেশ কোচকে অবশ্য প্রশংসায় ভাসালেন চীন কোচ। ‘প্রতিটি দলের মতো আমরাও প্রতিপক্ষকে বিশ্লেষণ করি। প্রতিটি প্রতিপক্ষের সাথে পূর্ণ সম্মানের সাথে একই আচরণ করি। বাংলাদেশ খুব তরুণ একটি দল। বাটলার সেখানে দুর্দান্ত কাজ করছেন। আমি সত্যিই তাদের খেলার ধরণ পছন্দ করি। তারা উপরে উঠে খেলে, গতি আছে, তারা আগ্রাসী, টেকনিক্যালি ভালো। আপনি যদি তাদের সময় এবং খেলার জায়গা দেন, তাহলে তারা আঘাত করতে পারে। বাংলাদেশ দলে সত্যিই ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলোয়াড় আছে। আপনারা যদি দেখেন, তারা এখানে কীভাবে এসেছে। বাছাইয়ে বিপুল দর্শকের সামনে মিয়ানমারকে তাদের মাঠেই হারিয়ে এসেছে। এই কৃতিত্ব তাদের এবং প্রশংসা পাওয়ার দাবিদার তারা। এটি তাদের জন্য দুর্দান্ত একটি অভিজ্ঞতা। আমরা তাদেরকে বিশ্লেষণ করেছি, যেমনটি তারা আমাদের করেছে। প্রতিপক্ষের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং আমরা যা করতে পারি, সেই লক্ষ্যে অবিচল থাকব। যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ইতিবাচক ফল পাওয়ার সেরা সুযোগ থাকবে।’
এই প্রথম চীন ও বাংলাদেশ মুখোমুখি হবে। সংবাদ সম্মেলনে চীনা অধিনায়ক উ হাইইয়ান জানান, অধীর আগ্রহে অপেক্ষা করছেন ম্যাচটির জন্য। ‘আসলে, এই প্রথম বাংলাদেশের বিপক্ষে খেলব। তো আমরা সবাই সামনে তাকিয়ে আছি। কেননা, প্রতিটি ম্যাচেই ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ। প্রথমত আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং তাদের বিপক্ষে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আগামীকালের ম্যাচের দিকে আগ্রহভরে তাকিয়ে আছি আমি।’









