চিরবৈরী পাক-ভারতের মর্যাদার লড়াই আজ

ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরবৈরী দেশ পাকিস্তান ও ভারত। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এ ম্যাচ নিয়ে দু’দলের লক্ষ্য হলহ্যাটট্রিক জয়ে সুপার এইট নিশ্চিত করা। ইতোমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান ও ভারত। তবে পাকিস্তানভারত লড়াইয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন শ্রীলংকার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে পাকিস্তান ও ভারত। বিশ্বকাপের শুরুতে বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বাংলাদেশ সহ অন্য অনেকের অনুরোধে আইসিসির সাথে মিটিং শেষে ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হয় পাকিস্তান। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান ও ভারত। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারায় তারা। টানা দুই জয়ের পর ভারতের বিপক্ষেও নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর পাকিস্তান। এ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিতের কথা জানান দলের সাবেক অধিনায়ক ও সেরা ব্যাটার বাবর আজম বলেন, ‘নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর দল খোশ মেজাজে আছে। ভারত ম্যাচেও ভাল পারফরমেন্স করতে মুখিয়ে আছে সবাই। এ ম্যাচেও জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ভারতকে হারিয়েই আমরা সুপার এইট নিশ্চিত করতে চাই।’ টিটোয়েন্টি বিশ্বকাপে আটবার মোকাবেলা করেছে পাকিস্তান ও ভারত। এরমধ্যে ৭টিতে জিতেছে ভারত। পাকিস্তানের জয় মাত্র একটিতে। ২০২১ সালে বাবরের নেতৃত্বেই টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। পাকিস্তানভারত ম্যাচ মানেই, বাড়তি উত্তেজনা ও বাড়তি চাপ। তবে নিজ দলের সবাইকে শান্ত ও চাপমুক্ত থাকার বার্তা দিয়েছেন বাবর। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারানোর পর নামিবিয়াকে ৯৩ রানের বড় ব্যবধানে হারায় ভারত। পাকিস্তানের মত ২ ম্যাচে ৪ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ারও। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে ভারতই। তাই এ ম্যাচের বিজয়ী দল সুপার এইটের টিকিট পাবে। পাকিস্তানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় ভারত। দলের স্পিনার বরুণ চক্রবর্তী বলেন, ‘বিশ্বকাপে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। এ নিয়ে সন্দেহ নেই। আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। এ ম্যাচ নিয়ে সবাই খুব উচ্ছসিত। চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’ পাকিস্তানভারত ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতপাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে রোববারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকতে পারে এবং তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বিকাল থেকে রূপ বদলাবে প্রকৃতি। খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা প্রায় ৫০৭০ শতাংশের মতো। এজন্য টস দেরিতে হবে বা ওভার কমিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। রাত ৮টার পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে, এক পয়েন্ট করে পাবে দু’দল। এক্ষেত্রে দু’দলের পয়েন্ট হবে সমান ৫ করে। তখন এক ম্যাচ বাকী থাকতে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করবে পাকিস্তান ও ভারত। গ্রুপ পর্বের কোন ম্যাচে রিজার্ভ ডে নেই। এখন পর্যন্ত টিটোয়েন্টিতে ১৬বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারতের জয় ১২টিতে, পাকিস্তানের জয় ৩টিতে। একটি ম্যাচ টাই হয়। ঐ ম্যাচে সুপার ওভারে জয় পায় ভারত।

পূর্ববর্তী নিবন্ধস্কটল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধউইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপ রোমাঞ্চকর জয়ে শুরু বাংলাদেশের