চিটাগাং শপিং কমপ্লেক্সে কসমেটিক্স দোকানে আগুন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শপিং কমপ্লেক্সটির নিচ তলার একটি কসমেটিক্স দোকানের ১০ লাখ টাকার মতো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির মুখ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ লাখ টাকার সম্পদ। গতকাল সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় দোকান বা শপিং এর ভেতর ক্রেতা বা দোকান মালিককর্মচারী কেউ ছিলেন না। ফায়ার সার্ভিস জানায়, ক্ষয়ক্ষতির শিকার হওয়া কসমেটিক্স এর দোকানটির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে সকাল ১১ টা ৫৫ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসিম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচ তলার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার ফাইটারদের চেষ্টার ফলে আগুন অন্য দোকানে ছড়াতে পারে নি। এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধমইজ্জ্যারটেকে ১,৭৫০ লিটার তেল জব্দ
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় আস্তানায় হামলা, পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা