চিকিৎসার পরামর্শ পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ব্যবহার বিপজ্জনক হতে পারে বলে উঠে এসেছে সামপ্রতিক এক গবেষণায়। গবেষণা বলছে, চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই ব্যবহার করা রোগীদের জন্য বিপজ্জনক। খবর বিডিনিউজের।
কারণ এআইয়ের ভুল ও অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়ার প্রবণতা রয়েছে। বিবিসি লিখেছে, গবেষণাটি পরিচালনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট ও নাফিল্ড ডিপার্টমেন্ট অফ প্রাইমারি কেয়ার হেলথ সায়েন্সেস–এর গবেষকরা। গবেষণার অন্যতম লেখক ও একজন সাধারণ চিকিৎসক বা জিপি ড. রেবেকা পেইন বলেছেন, এত আলোচনা ও মাতামাতির পরও এআই এখনও একজন চিকিৎসকের ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত নয়। রোগীদের সচেতন হওয়া প্রয়োজন যে, তাদের শারীরিক বিভিন্ন লক্ষণ নিয়ে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআইকে প্রশ্ন করা বিপজ্জনক হতে পারে।
কারণ এআই ভুল রোগ নির্ণয় এবং কখন জরুরি সাহায্য প্রয়োজন তা শনাক্ত করতে পারে না। গবেষণায় প্রায় এক হাজার ৩০০ জন অংশগ্রহণকারীকে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিকার খুঁজে বের করতে বলেছেন গবেষকরা।











