চিকিৎসকের পরামর্শে বিশ্রামে পরীমণি, ফের পেছাল জেরা

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। এ কারণে সাভারের বোট ক্লাবে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় তার জেরা আবারও পেছানো হয়েছে। খবর বাংলানিউজের।

গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালএর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমণির জেরার দিন ধার্য ছিৃল। তবে তিনি উপস্থিত না হওয়ায় আদালত আগামী ৯ আগস্ট নতুন দিন নির্ধারণ করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, সমপ্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করানোয় অভিনেত্রী শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এ কারণে আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি। সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগেও একাধিকবার জেরা পিছিয়েছে।

গত বছরের ৯ সেপ্টেম্বর পরীমণির দুই সন্তানের টিকা দেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ায় তিনি আদালতে আসতে পারেননি। ফলে সেদিনও জেরা হয়নি। এর আগে চলতি বছরের ২৬ মে আদালতে হাজির হলেও শুনানির সময় অসুস্থ হয়ে পড়ায় জেরা স্থগিত করা হয়। উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত একটি বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন পরীমণি। ওই বছরের ১৩ জুন রাতে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শারীরিক নির্যাতন, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার দাবি করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে তিনি নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ জানান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সম্মান নিশ্চিত করাই ছিল একমাত্র লক্ষ্য : পিসিবি সভাপতি
পরবর্তী নিবন্ধভ্যালেন্টাইনে কুমার বিশ্বজিতের একক কনসার্ট