চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি

ফটিকছড়িতে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ডিসি

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ‘নতুন চাবাগান’এ চাশ্রমিকদের নতুন ঘরের চাবি হস্তান্তর, উপহার সামগ্রী প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, চাশ্রমিকরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ, তাঁদের জীবনমান উন্নয়ন জরুরি। বক্তব্যে জেলা প্রশাসক চাশ্রমিকদের ‘চাবাগানের প্রাণ’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের বৈদেশিক মুদ্রার উৎস খুব বেশি নয়। প্রবাসী আয় ও তৈরি পোশাক খাতের পাশাপাশি চা রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যেখানে চাশ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এই কারণেই সরকার আপনাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সেই বিবেচনা থেকেই চাশ্রমিকদের জন্য ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে ৮টি নবনির্মিত ঘরের চাবি শ্রমিক পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি শ্রমিক পরিবারের মধ্যে উপহার সামগ্রী দেওয়া হয় এবং ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০০ জন চাশ্রমিকের মধ্যে পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একটি কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ ছাড়া চাশ্রমিকদের যাতায়াত সুবিধার জন্য ৭০০ ফুট দৈর্ঘ্যের একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, চাবাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বর্ষবরণে বর্ণিল আয়োজন
পরবর্তী নিবন্ধভ্রমণ আখ্যান ‘পুষ্প পথে পথিকে’র মোড়ক উন্মোচন