রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় সিএনজি চালক ও যাত্রীদের সাথে অশোভন আচরণের দায়ে এক লাইনম্যানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এই লঘু দণ্ডে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের দাবি, দুর্ব্যবহারের আড়ালে সেখানে চলছে বিশাল অংকের চাঁদাবাজি, যা বন্ধে এই জরিমানা যথেষ্ট নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় অভিযুক্ত লাইনম্যান গিয়াস উদ্দিন স্টেশনে আসা এক চালকের সাথে অত্যন্ত অপমানজনক আচরণ করছেন। তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করছেন এবং একপর্যায়ে নিজে ড্রাইভিং আসনে বসে এটি অন্যত্র নেয়ার চেষ্টা করছেন। এসময় পেছনে বসা যাত্রীদের বলতে শোনা যায়, ‘ড্রাইভারকে ছেড়ে দাও, প্রয়োজনে টাকা আমরা দিবো।’ বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে।
গত শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় লাইনম্যান গিয়াস উদ্দিনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
এদিকে প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানালেও স্থানীয় সচেতন মহলের অভিযোগ আরও গভীর। মোহাম্মদ ইমরান হোসেন নামের এক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানান, গোডাউন স্টেশনে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। প্রতিটি অটো–সিএনজি থেকে ১০ টাকা করে দৈনিক বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই চালকদের হুমকি এবং যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, যেখানে প্রতিদিন হাজার হাজার টাকার অবৈধ লেনদেন হয়, সেখানে মাত্র ৫,০০০ টাকা জরিমানা অপরাধীদের জন্য পুরস্কার স্বরূপ।
সাধারণ মানুষের দাবি, কেবল একজন লাইনম্যানকে সাজা না দিয়ে চাঁদাবাজির মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে। স্টেশনগুলোতে নিয়মিত পুলিশি টহল বা প্রশাসনের নজরদারি বাড়ানো। এ বিষয়ে প্রশাসন সংশ্লিষ্টরা জানান, আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাঙ্গুনিয়ার সাধারণ যাত্রী ও সুশীল সমাজের প্রত্যাশা, কেবল লোকদেখানো জরিমানা নয়, বরং একটি হয়রানিমুক্ত ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়তে প্রশাসন আরও শক্ত অবস্থানে দাঁড়াবে।














