জাহাজ বণ্টন সংক্রান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্দেশনা প্রতিপালন না করার অভিযোগে চারটি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠান চারটি হচ্ছে মেসার্স শি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স ও কাজের অনুমতি পাওয়া শিপ হ্যান্ডলিং অপারেটরদের মধ্যে জাহাজ বণ্টনের ক্ষেত্রে দেওয়া নির্দেশনা প্রতিষ্ঠানগুলি প্রতিপালন করেনি।
এতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা–২০১৫–এর অনুচ্ছেদ ‘গ’–এর ৭.৪ ধারার ব্যত্যয়। এ কারণে চবক বোর্ডের গেল ২৭ জুলাই তারিখের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানগুলোর শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।











