চার বছরের শিশুকে গলা টিপে হত্যা, বাবা ও সৎ মা গ্রেপ্তার

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চার বছর বয়সী শিশু লাবিবকে গলা টিপে হত্যার অভিযোগে তার বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন। বুধবার রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। গ্রেপ্তাররা হলেনলাবিবের বাবা সোহাগ মিয়া (২৮) এবং সৎ মা জাকিয়া আক্তার (২৮)

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে লাবিবের মা লামিয়া আক্তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। বুধবার সোহাগ মিয়া ত্রিশালের উপজেলার রায়ের গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে লাবিবকে নিজ বাড়িতে নিয়ে গেলেও এদিন সন্ধ্যায় তাকে আবার নানার বাড়িতে রেখে যাওয়ার কথা বলেন। তবে সন্ধ্যার দিকে নানার বাড়ির পাশে স্থানীয় লোকজন শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সোহাগ। ওসি ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির মা লামিয়া বাদী হয়ে স্বামী ও সোহাগের প্রথম স্ত্রী জাকিয়ার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে জাকিয়াকেও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার সন্তানকে গলা টিপে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে ভাষ্য ওসির।

পূর্ববর্তী নিবন্ধকয়লাসহ তিন চোরাকারবারি ও ৫টি ট্রলিং জালসহ ১৮ জেলে আটক
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৫ ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা