নগরীর চান্দগাঁও থানার ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউনুসকে (৪৮) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গ্রেপ্তার মো. ইউনুস ভোলা সদর থানার কোরালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। গত রবিবার বিকেলে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন হাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মো. ইউনুসকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকেই আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।












