চান্দগাঁওয়ে বিএসপি ফুডকে ৫ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও নানা অনিয়মের অভিযোগে বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে কারখানাটিতে স্যাঁতসেঁতে ও তৈলাক্ত ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নন ফুড গ্রেড প্লাস্টিকের ড্রামে টমেটো সস প্রস্তুতের গরম পাল্প সংরক্ষণ, তেলাপোকা ও ছারপোকার প্রাদুর্ভাবসহ একাধিক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ চিত্র ধরা পড়ে। এছাড়া কারখানায় উৎপাদিত খাদ্যপণ্য ‘চুটকি’র লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অসম্পূর্ণ তথ্য ব্যবহার করা হয় এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহারের প্রমাণ মেলে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য অফিসার ফারহান ইসলাম জানান, একটি খাদ্য কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এতে বেশকিছু অনিয়ম পাওয়া যায়। এসব অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩এর ৩২ () ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তাকর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চান্দগাঁও থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় টেক্সি চালকের ওপর হামলার অভিযোগে ২ ঘণ্টা সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ছড়া ও ফসলি জমি ধ্বংসের চিত্র দেখলেন ইউএনও