চাতরি চৌমুহনী বাজারে অবৈধ স্থাপনা, গাড়ির স্ট্যান্ড

উচ্ছেদের নির্দেশ এমপির

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারার সবচেয়ে ব্যস্ততম ও অতি গুরুত্বপূর্ণ চাতরি চৌমুহনী বাজারের দু’পাশের প্রধান সড়ক দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ দোকান বসিয়ে দখলে করে রেখেছে একাধিক অবৈধ সিন্ডিকেট। যার ফলে প্রতিনিয়ত যানজটের কারণে যাত্রী ভোগান্তি ছাড়াও এসব সিন্ডিকেটের দাপটের কাছে অসহায় সাধারণ মানুষ। প্রশাসনের নাকের ডগায় এসব সিন্ডিকেট লাখ লাখ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এদের দাপটের কাছে প্রশাসনও অনেকটা অসহায় মনে হয়। ফলে বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও জন হয়রানির কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি ও নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় আনোয়ারা কর্ণফুলীর আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অতি দ্রুত চাতরি বাজারের যাবতীয় অবৈধ স্থাপনা, সড়ক দখল করে গড়ে ওঠা সিএনজি ও ব্যাটারিচালিত স্ট্যান্ড অপসারণের নির্দেশ দেন। স্থানীয়রা এমপির নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এলাকাবাসীর দাবিব্যাটারিচালিত রিকশা ও সিএনজির চালকরা একাধিক সিন্ডিকেট করে মূল সড়ক দখল করে স্ট্যান্ড বানিয়েছে। সিন্ডিকেটগুলো নির্ধারিত গাড়ি ভাড়ার কয়েকগুণ বেশি ভাড়া আদায় করে থাকে। সাধারণ মানুষ এসব অনিয়মের প্রতিবাদ করলে সিন্ডিকেটের লোকজন দলবদ্ধভাবে যাত্রীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করছে। প্রশাসনকে জানালেও ভুক্তভোগীরা কোনো ধরনের সহায়তা পান না বলে অভিযোগ রয়েছে। যার কারণে এদের ভয়ে কেউ প্রতিবাদও করছে না। শুধু তাই নয়, বাজারের দুই পাশের সড়ক দখল করে গড়ে ওঠেছে শত শত অবৈধ দোকান। যা সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। বাজারে রয়েছে অব্যবস্থাপনা আর অনিয়মএমন অভিযোগ ক্রেতাদের। মাছ, মাংস, মুরগি, তরকারি কিংবা মুদি দোকানে কিছু অসাধু ব্যবসায়ী ওজনে কম দিয়ে কারচুপি করছে; নকল পণ্য বিক্রি করা হচ্ছে দেদারছে। মানুষ বাধ্য হয়ে নানা প্রয়োজনে বাজারে আসছে এবং ঠকছে। ক্রেতারা বলছেন, বাজারের এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সকালে অভিযান চালালেও বিকালে আবার একই রূপ দেখা যায়।

এমন অবস্থায় স্থানীয় সংসদ সদস্য সরওযার জামাল নিজাম গত বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভায় প্রশাসনকে অতি দ্রুত চাতরি চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করে সকল অবৈধ দোকান সড়ক থেকে উচ্ছেদ এবং সকল অবৈধ পরিবহন সিন্ডিকেট ভেঙে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, এ ব্যাপারে উপজেলা ও পুলিশ প্রশাসনের কোনো ধরনের গাফিলতি বরদাশ্‌ত করা হবে না। এমপি সরওয়ার জামাল নিজামের এ ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা অতি দ্রুত এমপির ঘোষণা বাস্তবায়ন করার দাবি জানান।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর চাতরী চৌমুহনী বাজারে প্রশাসনের অভিযান পরিচালিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবৈচিত্র্যময় ইফতার নিয়ে সিজল স্বাদ ও মানে ক্রেতাদের ভরসা
পরবর্তী নিবন্ধইবি শিক্ষক রুনা হত্যার বিষয়ে যা জানা গেল