চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ১

চবি প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ক্যাফেটেরিয়া ও পাঠাগার সম্পাদক মাসুম বিল্লার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলার ঘটনায় ১ নম্বর আসামি জালাল উদ্দিন মুন্নাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।

মানববন্ধনে চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, মাসুম বিল্লার উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বল নয়। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করবো।

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, আগে একাধিকবার শিক্ষার্থীরা হামলার শিকার হলেও তদন্তের আশ্বাস দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। হাটহাজারী থানার প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রনি বলেন, অন্যথায় শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। এদিকে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে ১ নম্বর আসামি জালাল উদ্দিন মুন্নাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিং স্টেশনে মাসুম বিল্লাহর ওপর হামলা হয়। পূর্বের একটি দুর্ঘটনা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী