চাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তি, একজনের ৫ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে ডেকে নিয়ে পতিতাবৃত্তিতে জড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক আরেকটি ধারায় ওই ব্যক্তিকে ৩ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. জাফর চন্দনাইশ উপজেলার উত্তর কেশুয়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী এমদাদুল হক মিলন আজাদীকে বলেন, মানব পাচার ও দমন আইনের ১১ ও ১২()() ধারায় আসামিকে আদালত পৃথক দুটি সাজা দিয়েছেন। দুটি সাজা একসাথে চলবে। বিচার প্রক্রিয়ায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়েছে।

ট্রাইব্যুনালসূত্র জানায়, ২০২৩ সালের ৩ আগস্ট নগরীর ইপিজেডের ২ নং মাইলের মাথা এলাকায় গার্মেন্টসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে ডেকে নিয়ে পতিতাবৃত্তিতে জড়ানোর ঘটনাটি ঘটে। এ ঘটনায় র‌্যাব৭ এর এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মো. জাফরের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, ২ নং মাইলের মাথা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাফরকে আটক করা হয়। পাশাপাশি ভিকটিম ২ তরুণীকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এক তরুণী জানান, জাফরের সাথে তার মোবাইল ফোনে পরিচয়। পরিচয়ের একপর্যায়ে জাফর তাকে গার্মেন্টেসে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় এবং ২ নং মাইলের মাথা এলাকার ঘটনাস্থলের বাসায় ডেকে নিয়ে আটকে রেখে পতিতাবৃত্তিতে নিয়োজিত করেন। অপর ভিকটিম তরুণী জানান, চাচাতো ভাইয়ের মাধ্যমে জাফরের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তাকেও গার্মেন্টসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে উক্ত বাসায় ডেকে নিয়ে পতিতাবৃত্তিতে জড়িয়ে ফেলেন। ট্রাইব্যুনালসূত্র জানায়, তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর জাফরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরের বছরের ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া ছলিমুল উলুম এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধহালিশহরে ভবঘুরে সংস্থার কোরান শরীফ বিতরণ