এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নয়, এটি ভাড়াটেদের, দুর্নীতিবাজদের ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। গতকাল সোমবার দুপুরে লোহাগাড়ার পদুয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকেও চাঁদা তোলে তারা। বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়েছে।
চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নাম যেতে রাজি না। খবর বাংলানিউজের।
অলি আহমদ দাবি করেন, বিএনপি এখন বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তার ভাষায়, এরশাদকে একসময় একটা চেইন লাগানো হয়েছিল, তার ভাই জিএম কাদেরকে দুইটা। আর এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তারা তিনটা চেইন লাগিয়েছে ভারতে। বিএনপিও এখন ভারতে তিনটি চেইনে বাঁধা।
তিনি আরও বলেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষা করতে। এখন একটি দল দালালি করছে, অন্যের ইচ্ছায় চলছে।
নিজেদের সিদ্ধান্তে কিছুই করতে পারে না। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।












