চলে গেলেন ‘দুই ভুবনে দুই বাসিন্দা’ গানের সুরকার শাহ নেওয়াজ

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

বেঁচে থাকতে ছিলেন নিভৃতচারী, প্রচারবিমুখ। নীরবেই চলে গেলেন জনপ্রিয় ‘দুই ভুবনে দুই বাসিন্দা, বন্ধু চিরকাল। রেললাইন বহে সমান্তরাল’ গানের সুরকার মো. শাহ নেওয়াজ। লম্বা সময় ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার কানাডায় মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ছেলে স্বদেশ নেওয়াজ।

তিনি বলেন, আব্বা কানাডা সময় ভোর ৩টা ৩৩ মিনিটে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৩ মিনিটে মারা গেছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছিল। ওনার একটা কিডনি ছিল, ফুসফুসের চিকিৎসাও চলছিল। প্রায় দুই মাসের মত আইসিইউতে ছিলেন, চারদিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়। স্বদেশ নেওয়াজ বলেছেন, মো. শাহ নেওয়াজের দাফন রোববার কানাডার মন্ট্রিয়লে হবে। খবর বিডিনিউজের।

মো. শাহ নেওয়াজ ও তার স্ত্রী অনামিকা নেওয়াজ কানাডায় মেয়ে ময়না নিশাতের সঙ্গে থাকতেন। ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’, কিংবা ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে’, ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেন করি লেনদেন, ‘এক ফোঁটা বিষ আজ আমার তিয়াস প্রিয়া মেটাবে’ এমন অনেক কালজয়ী গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ।

শাহ নেওয়াজের সুরে শাহনাজ রহমতুল্লাহ গেয়েছিলেন বেশ কয়েকটি উল্লেখযোগ্য গান। এর মধ্যে আছে ‘বন্ধু রে তোর মন পাইলাম না’ এবং ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ সামাল করে রেখো আমার মাটির জায়নামাজ’। এছাড়া তার সুরে আরও জনপ্রিয় কিছু গান হলো ‘আমি আর কার চোখ দিয়ে দেখব’, ‘চাঁদের পালকি চড়ে’, ‘এক নয়নে হয় না কান্দন’।

মো. শাহ নেওয়াজের সুরে গেয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরসহ দেশের প্রায় সব খ্যাতিমান সংগীতশিল্পী। দেশের বাইরেও তার সুরে গান করেছেন ভূপেন হাজারিকা ও হৈমন্তী শুক্লা।

পূর্ববর্তী নিবন্ধসঠিক মানুষকে বেছে নিতে না পারলে রাঙ্গুনিয়া আরো ৫০ বছর পিছিয়ে যাবে
পরবর্তী নিবন্ধবান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৭ম সিন্ডিকেট সভা