চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থী চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহর থেকে ক্যাম্পাসগামী দ্রুতযান পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী জানান, তিনি নগরী থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি চৌধুরীরহাট এলাকায় পৌঁছালে তার পেছনের সিটে বসা এক ব্যক্তি দুই সিটের মাঝ দিয়ে তার শরীরে স্পর্শ করেন। বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তিনি নাকি ঘুমিয়ে ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে কিছু করেননি। তবে দুই সিটের মাঝে জায়গা এতটাই কম যে ঘুমের মধ্যে সিটের মাঝ দিয়ে হাত চলে আসা অসম্ভব। এসময় বাসে থাকা অন্যান্য যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাটি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি শরীরে স্পর্শ করার বিষয়টি স্বীকার করেন। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ এলাকায় বসবাস করেন।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ঘটনার সময় আমাকে ফোন দেওয়া হলে আমি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছিলাম। পরে অভিযুক্ত ব্যক্তিকে সেখানে নিয়ে আসতে বলি। এরপর আমরা তাকে নিয়ে ক্যাম্পাসের পুলিশ বঙে যাই এবং প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার দোষ স্বীকার করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার দোষ স্বীকার করেন। পরে সেখানে উপস্থিত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।












