সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বগি ও পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ মার্চ সকাল পৌনে ৭টার দিকে বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ট্রেনের বিদ্যুৎ সরবরাহকারী বগি (পাওয়ার কার) থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক ধারণায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হলেও তদন্ত কমিটি অধিকতর যাচাই–বাছাই করে চূড়ান্ত প্রতিবেদন দেবে। তদন্তে গাফিলতি বা সুনির্দিষ্ট কোনো কারণ বেরিয়ে এলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।












