চরপাথরঘাটায় প্রতিবাদে মানববন্ধন

সাম্পান মাঝিদের উচ্ছেদ চেষ্টা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর তীরের ইছানগর খালের মুখ থেকে বড় সাম্পান মাঝিদের উচ্ছেদ চেষ্টা ও ঘনবসতি পূর্ণ এলাকায় উন্মুক্ত ড্রাইডক পরিচালনা করে এলাকায় রাসায়নিক দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছয় সংগঠন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, ভোরের আলো ও চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের উদ্যোগে গতকাল সোমবার বিকালে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইছানগর সি রিসোর্স সংলগ্ন সড়কে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে বলা হয় যে, কর্ণফুলী নদী থেকে সাম্পান মাঝিদের উচ্ছেদ বন্ধ করা না হলে সকল ঘাট অচল করে দেয়া হবে। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, আড়াই হাজার বছর আগে থেকে কর্ণফুলীতে নৌযান তথা সাম্পান চলাচলের ইতিহাস রয়েছে। কিন্তু বন্দরের কিছু অসাধু কর্মকর্তা লোভী ব্যবসায়ীদের সাথে মিশে চট্টগ্রাম তথা কর্ণফুলীর ঐতিহ্য সাম্পান মাঝিদের বিলুপ্ত করার চেষ্টা করছেন। তারা বলেন, আগামী তিনদিনের মধ্যে মাঝিদের উচ্ছেদ বন্ধ ও উন্মুক্ত স্থানে ড্রাইডক কার্যক্রম বন্ধ না করলে মাঝিরা সকল প্রকার মালামালা জাহাজে আনা নেয়া বন্ধ করে দিবে। কর্ণফুলী উপজেলা বড় সাম্পান মাঝি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মোজাম্মেলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক মেম্বার ও বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান, চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মীর্জা ইসমাইল, সভাপতি এস এম পেয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান দয়াল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব কর্ণফুলীর সভা ও সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধডাল-মসলা জাতীয় পণ্যে রং ও কেমিক্যাল মিশিয়ে বিক্রি