আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই ছাত্রলীগ কর্মীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন উৎস দে রক্তিম (২১) ও এনামুল হাসান সীমান্ত (২০)। গতকাল রোববার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পরীক্ষার কথা উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে দুই ছাত্রলীগ কর্মী আদালতে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের কৌসূলী ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩১ অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চমেক ছাত্রাবাসে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করে পাঁচলাইশ ও চকবাজার থানায় পাল্টাপাল্টি তিন মামলা করে।













