চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুস্থ, শুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কাটা পাহাড় সড়ক হয়ে সমাজবিজ্ঞান, নতুন কলা ভবন, প্রশাসনিক ভবন, চাকসু ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রায় চার শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করছি। এটি কেবল একটি গণ্ডি পার হওয়া অনুষ্ঠান নয়, এটি বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক আলোকিত সোপান। যেখানে আমরা শিক্ষার অধিকারকে কেন্দ্র করে, সমাজের পরিবর্তনে এক জাগরণী শক্তি গড়ে তুলবো। তিনি বলেন, ক্যাম্পাসে আমরা গড়ে তুলতে চাই সুস্থ, শুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক নতুন ধারা যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু বিবেক ও যুক্তির ঐক্য অটুট থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাষ্ট্র পরিচালনায় যে শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত, আধিপত্য বিরোধী ও ‘সবার আগে বাংলাদেশ’ স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তা আজকের ছাত্রসমাজের জন্য এক অনুপ্রেরণার পথনির্দেশ। এই রাষ্ট্র হবে এক আধুনিক ও উন্নত বিশ্বের মডেলস্বরূপ, যা হবে এশিয়া মহাদেশসহ পুরো বিশ্বের কাছে অনন্য। তাই শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে নিজেদের অধিকার রক্ষায়। আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, আমরা রাজনীতির বাইরের বুদ্ধি, সাহস ও সত্যের পথে হাঁটবো। আমাদের প্রতিটি পদক্ষেপ জাতিকে অনুপ্রাণিত করবে, আমাদের শিক্ষার আলো অন্ধকার ছাড়িয়ে সবার অন্তরে পৌঁছাবে।













