চবি উপাচার্যের সাথে ইউনূস ফাউন্ডেশন ফর চায়নার প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রফেসর ইউনূসের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিতে গর্ববোধ করি : উপাচার্য

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনূস ফাউন্ডেশন ফর সোশ্যাল বিজনেস চায়নার একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল। গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাক্ষাতে সোশ্যাল বিজনেস, টেকসই উন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আলোচনার অংশ হিসেবে ইউনূস ফাউন্ডেশন ফর সোশ্যাল বিজনেসের কার্যক্রম ও দর্শন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

উপাচার্য বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের গর্ব। উনার কারণে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বর্তমানে তিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। আমরা উনাকে ডিলিট ডিগ্রি প্রদান করতে পেরে সম্মানিত বোধ করছি।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে চীনের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো চলছে। চীনের অর্থায়নে আমাদের ক্যাম্পাসে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হয়েছে। শীঘ্রই এটির উদ্বোধন অনুষ্ঠিত হবে। সমুদ্র গবেষণার ক্ষেত্রে এটি অনেক উপকারে আসবে। এছাড়া চীনা ভাষা শেখার জন্য আমাদের ক্যাম্পাসে নির্মিত হবে কনফুসিয়াস ইনস্টিটিউট। এর মাধ্যমে চীনারা বাংলা ভাষা এবং বাংলাদেশিরা চীনা ভাষা শেখার সুযোগ তৈরি হবে। এতে করে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে। সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা পর্ব শেষে প্রতিনিধিদল গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করেন। এ সময় তারা ঋণগ্রহীতাদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ঋণগ্রহীতাদের বাসায় সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে গ্রামীণ ব্যাংকে যুক্ত হওয়ার পর তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি প্রতিনিধিদল জোবরা মিউজিয়াম পরিদর্শন করেন। সফরের শেষ পর্যায়ে তারা ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ সময় চাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফজলে রাব্বি তৌহিদ এবং মো. সোহানুর রহমান সোহান। চীনের প্রতিনিধিদলে ছিলেন সু লি, হে মুরং, লি হাওরান, লি ঝোংজুন, গাও ঝাং, গাও মিং। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ সফরের মাধ্যমে সোশ্যাল বিজনেস ও গবেষণাক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
পরবর্তী নিবন্ধসৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব : তাসাউফের আলোকিত পথিকৃৎ