চবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ আল্– ফোরকানের সঙ্গে গতকাল রোববার ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শভিত্তিক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শিক্ষকদের ক্লাসে মনোযোগী হতে হবে। সময় মতো ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, সময়ের মধ্যে খাতা কেটে শেষ করা এবং ফলাফল প্রকাশ কার্যক্রমে যত্নবান হতে হবে। সেশনজট শূন্যে নিয়ে আসতে হবে। পঠন–পাঠনের পাশাপাশি গবেষণায় দক্ষতা দেখাতে না পারলে বিশ্ববিদ্যালয় আগাবে না। এজন্য গবেষণায় পুরোদমে মনোযোগী হতে হবে এবং শিক্ষার্থীদেরও গবেষণায় উদ্বুদ্ধ করতে হবে। উপাচার্য বলেন, নিজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। সব সময় নিজ বিভাগ তথা বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে, তাহলেই সম্মিলিত সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত শিক্ষকবৃন্দ নবনিযুক্ত মাননীয় উপাচার্যকে অভিনন্দন জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। প্রেস বিজ্ঞপ্তি।













