চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত ও একাডেমিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কার্যালয়ে তাদের পদত্যাগপত্র পাঠানো হয় এবং বিকেল সাড়ে ৩টায় তা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে পৌঁছেছে।
পদত্যাগ করা দুই শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার। তারা ২০২৪ সালের ২৩ মার্চ সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক মো. বজলুর রহমান গত ১৮ ফেব্রুয়ারি প্রক্টর কার্যালয়ে অব্যাহতিপত্র জমা দেন। তবে সেটি তখন রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়নি। পরে অধ্যাপক ড. পারভীন আক্তার পদত্যাগপত্র জমা দিলে দুটি আবেদন একসঙ্গে প্রক্টর কার্যালয় থেকে রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমার কাছে দুজন সহকারী প্রক্টরের পদত্যাগপত্র এসেছে। আমি সেগুলো প্রসিড করছি।’ তিনি আরও বলেন, তাদের পদত্যাগের বিষয়টি উপাচার্যকে জানানো হবে।
মো. বজলুর রহমান বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি পদত্যাগপত্রে একাডেমিক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি শহরে থাকি আর একাডেমিক ব্যস্ততা রয়েছে। এজন্য সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।’
অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি অসুস্থ। ডাক্তার আমাকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। তাই আমি পদত্যাগ করেছি।’












