চবিতে ৯ কর্মকর্তাকে একযোগে বদলি

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে, যাদের মধ্যে নিজেকে জমিদার দাবি করা সেই কর্মকর্তা সিরাজুল ইসলামও রয়েছেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের বদলির আদেশ দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে নয়, নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের বিশ্ববিদ্যালয়ের এক দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে। খবর বিডিনিউজের।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে শিক্ষকদের ব্যক্তিগত নথি সেলের সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম রয়েছেন। একই পদে তাকে পাঠানো হয়েছে আধুনিক ভাষা ইনস্টিটিউটে। বিশ্ববিদ্যালয় এলাকার স্থানীয় বাসিন্দাদের মালিক ও জমিদার দাবি করে ২০২৫ সালের সেপ্টেম্বরে আলোচনায় এসেছিলেন সিরাজুল, যিনি ওই সময় জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম৫ আসন থেকে সিরাজুলের জামায়াতের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তাকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গত জানুয়ারিতে সিরাজুল ইসলামকে সেকশন অফিসার থেকে সহকারী রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে এক মতবিনিময় সভায় সিরাজুল বলেছিলেন, আমরা হচ্ছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, ঠিক কিনা? জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা কী আমরা মেনে নিতে পারি? কখনোই না।

জামায়াত সংশ্লিষ্টতার কারণে তাকে বদলি করা হয়েছে কিনা এমন প্রশ্নে সিরাজুল বলেন, বিষয়টি আসলে এমন নয়। প্রশাসন আমাকে আধুনিক ভাষা ইনস্টিটিউটে যোগ্য মনে করছে, বিধায় বদলি করেছে।

বিশ্ববিদ্যালয়ের বদলির বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ পরিদর্শক দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সোহরাব হোসাইনকে একই পদে শিক্ষকদের ব্যক্তিগত নথি সেলে পাঠানো হয়েছে। অপরদিকে রেজিস্ট্রার দপ্তরের উপপরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছাকে একই পদে বদলি করা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে। রেজিস্ট্রার দপ্তরের উচ্চ শিক্ষা সেলের ডেপুটি রেজিস্ট্রার ইসকান্দর সিরাজকে একই সেলের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

আলাওল হলের ডেপুটি রেজিস্ট্রার সাইফুল আবেদীনকে একই পদে রেজিস্ট্রার দপ্তরের সংযুক্ত শাখায় এবং সংযুক্ত শাখার সহকারী রেজিস্ট্রার আশরাফুল মওলাকে একই পদে বদলি করা হয়েছে আলাওল হলে। মাস্টারদা সূর্যসেন হলের সহকারী রেজিস্টার মোহাম্মদ নিজামুল করিমকে একই পদে উচ্চ শিক্ষা সেলে এবং ওশেনোগ্রাফি বিভাগের সহকারী রেজিস্টার মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে আইন ও গোপনীয় সেলে বদলি করা হয়েছে। আইন ও গোপনীয় সেলের সেকশন অফিসার ইমরান হোসাইনকে একই পদে বদলি করা হয়েছে এস্টেট শাখায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো চারজনের হাম শনাক্ত, উপসর্গ নিয়ে ভর্তি ১৬
পরবর্তী নিবন্ধটেকনাফে ১ কোটি ১৫ লাখ মূল্যের ইয়াবা জব্দ