চবিতে ‘সিভিকপালস : ডিজিটাল অধিকার ও যুব নেতৃত্ব’ বিষয়ে কর্মশালা

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা ও ডিজিটাল অধিকার বিষয়ে দক্ষ করে তুলতে ‘সিভিকপালস : ডিজিটাল রাইটস অ্যান্ড ইয়ুথ লিডারশিপ এঙিলারেটর’ শীর্ষক বিশেষ কর্মশালা গত ১ মার্চ কলা ও মানববিদ্যা অনুষদে অনুষ্ঠিত হয়। স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ (এসএফএলবিডি) এবং চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটির (সিইউআরএইচএস) যৌথ উদ্যোগে প্রোগ্রামটি আয়োজিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইনোভেশন হাবে আয়োজিত কর্মশালায় বিভিন্ন বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক সচেতনতা এবং তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ড. মোহাম্মদ আলআমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান এবং সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাসুদ কামাল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের জেনারেল এডুকেশন প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. ডমিনিক হুইটেকার।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলআমিন বলেন, নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের এই প্রয়াস প্রশংসনীয়। অধ্যাপক ড. আদনান মান্নান তাঁর বক্তব্যে বলেন, গুজব ও সাইবার হয়রানি বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। কর্মশালার বিভিন্ন সেশনে ডিজিটাল অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, অপপ্রচার রোধ এবং তথ্য যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ড. মাসুদ কামাল যুব নেতৃত্ব ও গণতান্ত্রিক অংশগ্রহণ এবং ড. ডমিনিক হুইটেকার ডিজিটাল নাগরিকত্ব ও তথ্যের শুদ্ধতা বিষয়ে সেশন পরিচালনা করেন।

স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের পক্ষ থেকে ইফফাত জাহান ইফা জানান, সংগঠনটি ২০১৫ সাল থেকে বাংলাদেশে তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। এবারের আয়োজনটি ‘স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ’ (এসএফএলবিডি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। সিভিকাস, অ্যাকাউন্টেবিলিটি ল্যাব, ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ (উউও) এবং স্টুডেন্টস ফর লিবার্টি গ্লোবাল এঙিলারেটর প্রোগ্রামের সহযোগিতা এবং অর্থায়নে এই আয়োজন বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিইউআরএইচএসের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী, সিভিকপালসের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আরশি ইরতিজা প্রমুখ। ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন ও কুইজ সেশনের মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ করতে হবে’
পরবর্তী নিবন্ধ৮ম জামাল নজরুল শিশু-কিশোর বিজ্ঞান উৎসব ৭ মার্চ থেকে