চবিতে প্রাণিবিদ্যা বিভাগ ও বার্ডস ক্লাবের বন্যপ্রাণী উৎসব

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্যপ্রাণী দিবস উপলক্ষে চবি প্রাণিবিদ্যা বিভাগ ও চবি বার্ডস ক্লাবের উদ্যোগে বন্যপ্রাণী উৎসব২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চবি মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। এর আগে বেলা সাড়ে ১০টায় চবি জীববিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র‌্যালি মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।

এ সময় উপাচার্য বলেন, ক্যাম্পাসে বন্যপ্রাণীর অভয়ারণ্য টিকিয়ে রাখতে আমাদের সকলের আরও যত্নবান হওয়া উচিত। তিনি ক্যাম্পাসের সৌন্দর্য এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য টিকিয়ে রাখার ক্ষেত্রে গবেষণার প্রতি উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমেরারি প্রফেসর ড. মো. ফরিদ আহসান। অনুষ্ঠানে অতিথিদের গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ড. মো. ফরিদ আহসান রচিত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উভচর ও সরীসৃপ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার্ডস ক্লাবের সহসভাপতি ড. গোলাম শফিক ও চিটাগং বার্ডস ক্লাবের উপদেষ্টা ডা. মহিউদ্দিন সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি বার্ডস ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাইফুল ইসলাম ও সাবরিনা সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ
পরবর্তী নিবন্ধইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ