চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন অনুষদ, আবাসিক হল ও হোস্টেলে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত সমস্যা সমাধান এবং ক্যাম্পাসের সামগ্রিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এবং চাকসুর সহযোগিতায় আয়োজিত এ সভায় পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রতিবন্ধকতা, প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এবং সেবার মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজ করেন সেটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেক ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। তিনি বলেন, সবাই নিজে সচেতন হয়ে দায়িত্ব পালন করলে অপরিষ্কার হয় না। তিনি শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী সবাইকে ক্যাম্পাস পরিষ্কার রাখার আহ্বান জানান এবং অনুষদভিত্তিক শ্রেষ্ঠ পরিচ্ছন্নতাকর্মীকে পুরস্কারকৃত করার ঘোষণা দেন। তিনি তাদের যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, প্রীতিলতা হলের সিনিয়র আবাসিক শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন, দেশনেত্রী খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক তাসলিমা আকতার, চাকসুর পরিবেশ ও সমাজসেবা সম্পাদক তাহসিনা রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেনারেল শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আল রেজোয়ানুল ইসলাম।












