চবিতে নারী শিক্ষার্থীদের ন্যায্য সুবিধা চাই

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের শীর্ষ চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ২৮ হাজার শিক্ষার্থীর স্বপ্নের এই ক্যাম্পাসে মোট শিক্ষার্থীর প্রায় ৩০৪০ শতাংশ নারী শিক্ষার্থী অধ্যয়নরত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত এসব নারী শিক্ষার্থীর জন্য বর্তমানে আবাসন সংকট একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে বাসস্থান, নিরাপত্তা ও মৌলিক সুযোগসুবিধার অভাব তাদের পড়াশোনা, প্রশিক্ষণ ও স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল ও হোস্টেলের আসনসংখ্যা অত্যন্ত সীমিত। ফলে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী হলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নারী শিক্ষার্থীদের অনেককে বাধ্য হয়ে দূরবর্তী এলাকায় ভাড়া বাসা বা মেসে থাকতে হচ্ছে, যা আর্থিক চাপ ও নিরাপত্তা ঝুঁকি উভয়ই বাড়াচ্ছে। পাশাপাশি অধিকাংশ নারী হলেই মানসম্মত ডাইনিং ব্যবস্থার অভাব রয়েছে, যা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও কর্মক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া অনেক হলে কার্যকর কমনরুম সুবিধা না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। এই সংকট মোকাবেলায় নতুন নারী হল, রেসিডেন্সিয়াল ভবন ও সাশ্রয়ী ভাড়াহোস্টেল নির্মাণ জরুরি। যারা হলে থাকার সুযোগ পাচ্ছে না, তাদের জন্য আবাসন ভাতা নিশ্চিত করা উচিত। একই সঙ্গে পরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবস্থা, নারী স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং সুবিধা বৃদ্ধি, নিরাপদ পরিবহন ও মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থার উন্নয়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

নুসরাত জাহান কিন্নরী

সদস্য, তেপান্তর সাহিত্য সভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধকামরুল হাসান : বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার
পরবর্তী নিবন্ধজাতীয় প্রশিক্ষণ দিবস ও চট্টগ্রামে বিনিয়োগ শিক্ষার অপরিহার্যতা