এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী প্রায় ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে গতকাল এ আয়োজন করা হয়। গতকাল শনিবার আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী এবং চাকসু জিএস সাইদ বিন হাবীব। সভাপতিত্ব করেন চাকসু ভিপি ও চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। স্বাগত বক্তব্য রাখেন শিবিরের অর্থ সম্পাদক ইসহাক ভূঁঞা এবং সমাপনী বক্তব্য রাখেন ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম।
প্রধান অতিথি বলেন, শর্টকাটে ধনী হওয়ার মানসিকতা, অন্যের অর্থ আত্মসাৎ এবং কলমের এক খোঁচায় কোটি কোটি টাকা লুটপাট বন্ধ না হলে দেশ এগোবে না এবং সিঙ্গাপুর গড়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। উপস্থিত ছিলেন চাকসুর সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতব্বর, অফিস সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক রিয়াদ হোসেন, আইটি সম্পাদক আবিদুর রহমান এবং স্কিল ডেভেলপমেন্ট ও ব্যবসায় শিক্ষা সম্পাদক ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবিরের মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হারুনুর রশীদ এবং স্কুল ও কলেজ সম্পাদক তৌহিদুল ইসলাম।












