চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গতকাল শুক্রবার প্রায় ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি এবং সঞ্চালনা করেন মুজাহিদুল ইসলাম। এ সময় চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য দেন চাকসু এজিএস সাইদ বিন হাবীব, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ ও সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সিবগাতুল্লাহ সিবগা বলেন, রমজান একটি বরকতময় মাস, যা মানুষকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রোজার মাধ্যমে মানুষ সুযোগ থাকা সত্ত্বেও খাওয়া–দাওয়া ও খারাপ কাজ থেকে বিরত থাকে–এটাই তাকওয়ার বাস্তব অনুশীলন।
সভাপতির বক্তব্যে ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা মনে করেছিলাম অতীতে সংঘটিত ধর্ষণসহ নানা অপরাধের পরিবেশ আর থাকবে না। কিন্তু এখনও দেশে ৬ থেকে ১৫ বছর বয়সী মেয়ে শিশুরাও ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। চুরি–ডাকাতি, মারামারি ও সংঘাতের ঘটনাও ঘটছে। তিনি সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধে ফিরে আসার আহ্বান জানান।












